দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এই পরিস্থিতিতে বুধবার (৭ জানুয়ারি) দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এসব আবহাওয়াগত অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় চালক ও যাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নোক্ত ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে—
- রাজশাহী
- পাবনা
- বগুড়া
- দিনাজপুর
- নীলফামারী
- পঞ্চগড়
- রাঙামাটি
- যশোর
- চুয়াডাঙ্গা
- কুষ্টিয়া

0 Comments