স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার ত্যাগ অনস্বীকার্য: ইশরাক
রাজনৈতিক প্রতিবেদক | ১৫ জানুয়ারি

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ইতিহাসে অনস্বীকার্য। তিনি সবসময় অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সেই সংগ্রামে কোটি কোটি মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে ওয়ারি থানার ৩৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুর রহমানের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বক্তব্য

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এ ধরনের পবিত্র আয়োজনে শরিক হতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, “এই শিশুরা কোরআনের পাখি। তারা যখন মহান আল্লাহর দরবারে হাত তোলে, তখন কারো না কারো উসিলায় আমাদের নেত্রীর জন্য আল্লাহর রহমত নাজিল হবে—এই বিশ্বাস আমার আছে।”

“বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নেত্রীর ত্যাগ অনস্বীকার্য। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে তিনি কোটি কোটি যুবককে সংগঠিত ও অনুপ্রাণিত করেছেন।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।

নেত্রীর জন্য দোয়া ও প্রত্যাশা

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তিনি নিঃসন্দেহে বিশ্বাস করেন যে, মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার ত্যাগের যথাযথ প্রতিদান দেবেন। আজ এই মাদ্রাসার শিশুদের সঙ্গে একসঙ্গে আল্লাহর দরবারে নেত্রীর জন্য দোয়া করতে পারা তার জন্য গর্বের বিষয়।

উপস্থিত সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি নিজের জন্যও দোয়া চান। তিনি বলেন, “অনেক কথা বলা যায়, কিন্তু আসল কথা হলো—আমরা যেন মানুষের জন্য, দেশের জন্য ভালো কিছু করতে পারি। সেই শক্তি ও রহমত দান করার জন্য আপনাদের কাছে দোয়া চাই।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. শরিফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল হাসান রঞ্জু, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল হক শহীদ, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. নাহিদ, ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বি এম সাগর, মসজিদ সভাপতি খন্দকার রুহুল আমিন, সাধারণ সম্পাদক শেখ আহমদ উল্লাহসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

banner

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।